সিলেটে ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা আটক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০
নিজস্ব প্রতিবদেক, সিলেট :: সিলেটে একজন নারীর ২০ হাজার টাকা ও চেকবই ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কতোয়ালি থানা পুলিশ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী।
আটক দুইজনের বিরুদ্ধেই সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, গত সোমবার নগরীর মিরবক্সটুলা এলাকায় একজন নারীর ২০ হাজার টাকা ও চেকবই ছিনতাই হয়। এ ঘটনায় ওই নারী কতোয়ালি থানায় জিডি করেন। এরপর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ছিনতাইকারীদের চিহ্নিত করে আটকের অভিযানে নামে। ছিনতাই ঘটনায় জড়িত সন্দেহে গত মঙ্গলবার রাতে নগরীর চৌকিদেখি এলাকা থেকে জয়নাল আবেদিন ডায়মন্ডকে আটক করা হয়।
তাকে আটকের খবর পেয়ে রাত ১টার দিকে তাকে ছাড়িয়ে নেওয়ার তদবির করতে কতোয়ালি থানায় আসেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তাকেও আটক করে এবং তার শরীর তল্লাশি করে ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
ওসি আরো জানান, ডায়মন্ড ও সারোয়ারকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

