সিলেটে করোনায় কারাবন্দির মৃত্যু, ওয়ার্ড লকডাউন
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কারাবন্দি করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা গেছেন। মৃত কারাবন্দির করোনা শনাক্তে কারাগারের একটি ওয়ার্ড লকডাউন করা হয়েছে।
রোববার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ব্যক্তি মারা যান। সোমবার (১১ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজেটিভ আসে। মারা যাওয়া ব্যক্তি একটি হত্যা মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, মারা যাওয়া ব্যক্তির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মে একটি খুনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ৮ মে (শুক্রবার) তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার মধ্যে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করে।
পরদিন ৯ মে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রোববার (১০) মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সোমবার (১১ মে) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো আনিসুর রহমান।

