সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে নারীসহ ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে করোনা আইসোলেশন সেন্টারে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন শ্বাসকষ্ট ও অপরজন জ্বর-সর্দিতে ভুগছিলেন।
শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটায় ৩০ বছর বয়সী নারী ও ৫৩ বছর বয়সী এক পুরুষ মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, ৩০ বছর বয়সী ওই নারীর বাড়ি সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায়। ওই নারী বেশ কয়েক দিন ধরে যক্ষ্মা ও লিভার রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে তিনি যক্ষ্মার ওষুধ সেবন করছিলেন। এছাড়া ওই রোগী জ্বর ও সর্দির মতো করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। ভর্তির তিন ঘণ্টা পরেই তিনি মারা যান।
এদিকে ৫৩ বছর বয়সী সিলেটের বিশ্বনাথ উপজেলার ওই পুরুষ রোগী বেশ কয়েক দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তবে তিনি শ্বাসকষ্ট নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন। তার জ্বর ও সর্দির মতো কোনো সমস্যা ছিল না বলে জানান ডা. সুশান্ত কুমার।
নিহত নারীর নমুনা সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, যেহেতু ওই নারীর মধ্যে করোনায় সংক্রমিত হওয়ার মতো লক্ষণ ও উপসর্গ ছিল সেহেতু তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে বিশ্বনাথের ওই ব্যক্তির জ্বর ও সর্দির মতো কোনো সমস্যা না থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে না। কিন্তু নিহত দু’জনের দাফন সংক্রমণ স্বাস্থ্যবিধি অনুযায়ী করা হবে বলে জানান তিনি।

