বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় আব্দুর রউফ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার ইফতারের ঠিক পূর্বে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা নালবহর গ্রামে ঘরের চালের পানি পড়া নিয়ে সংঘর্ষে আব্দুর রউফ নিহত হন।
সংঘর্ষে আব্দুল হামিদ (৬০), গোলাম কিবরিয়া শাওন (৩০), নাজিম উদ্দিন (৪৫) কয়েস আহমদ (৪০) আলীনুর (২২) ও রেদওয়ান আহমদসহ (১৩) উভয় পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেটে চিকিৎসাধীন।
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা নালবহর গ্রামের স্থানীয়রা জানান, গ্রামের কয়েস আহমদ, নাজিম উদ্দিন, পারভেজ, আলীনুর, শাহনুর, আখতার আহমদদের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আব্দুর রউফ পরিবারের। এরই জেরে বুধবার ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আব্দুর রউফের ওপর অতর্কিত হামলা চালায় কয়েস আহমেদসহ তার সহযোগীরা। হামলাকারীরা আব্দুর রউফকে বেধড়ক মারধর, কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। সে সময় তাকে রক্ষা করতে আব্দুল হামিদসহ অন্যরা এগিয়ে গেলে কয়েস আহমদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফ ও আব্দুল হামিদের অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন আব্দুর রউফ।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনি শংকর জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে আব্দুর রউফ নামের একজন মারা যান। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

