জকিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৩
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের জকিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক শিশু ও দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। ৯ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশুকন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০)।
আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে যাত্রীবাহী বাস (সিলেট জ-১১০৪৫২) ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টায় বাবুরবাজার নামক স্থানে বাসটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন।
এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আবদুন নাসের বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

