সিলেটে তিন সহযোগীসহ পিযুষকে আটক করেছে র্যাব: অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: তিন সহযোগীসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)। বুধবার সন্ধ্যার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বাকি আটককৃতরা হলেন- বাপ্পা পাল, মিন্টু রায়। অপর একজনের নাম জানা যায়নি।
মধ্যরাতে র্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।
তবে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা ৭টার দিকে মির্জাজাঙ্গালে পীযুষের আস্তানা ঘেরাও করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এরপর ভেতর থেকে পীযুষসহ চারজনকে ধরে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।
পীযুষ সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর ওপর হামলা চালায় পীযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাত ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন পীযুষ। গ্রেফতার এড়াতে নিজের আস্তানায়ও অনেকদিন অনুপস্থিত ছিলেন। বুধবার ফের আস্তানায় ফিরেই গ্রেফতার হন।

