সিলেট জেলা আ’লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
আ ন ম শফিক দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। এর আগে তিনি ভারতে গিয়ে লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে এসেছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আ ন ম শফিকুল হকের মরদেহ নেয়া হবে। সেখানে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হবে।

