সিলেটে বিয়ের এক মাসের মাথায় লাশ হলেন সাজনা
প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে রাজনা চৌধুরী (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ এপ্রিল সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর শেখঘাটস্থ কলাপাড়া দুর্বার-১৬৭ নম্বর বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
রাজনা চৌধুরীর বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার কদমশ্রী গ্রামে এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষণের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া নিহত নারীর বৃদ্ধ পিতার বরাত দিয়ে জানান, রাজনার স্বামী লক্ষণ সিসিকের ময়লার গাড়ির ড্রাইভার। গতরাতে রাজনা চৌধুরী ও তার স্বামী লক্ষণের মধ্যে ঝগড়া হয়। এরপর স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় রাজনা চৌধুরীর বৃদ্ধ পিতা বাসায় থাকলেও মা অসুস্থ্যতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। সকালে বৃদ্ধ বাবা দেখেন ঘরের দরজা খোলা এবং জামাতা লক্ষণ বাসায় নেই। পরে মেয়ের কক্ষে গিয়ে মেয়েকে ডাকাডাকি করলেও মেয়ে কোনো সাড়া দেননি।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে গৃহবধূর মা হাসপাতাল থেকে এসে মেয়েকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। গৃহবধূর বাবার দাবি, তার জামাতা লক্ষনই তার মেয়েকে খুন করে পালিয়েছেন।
কোতোয়ালী থানার ওসি আরো বলেন, লক্ষণ ও রাজনা প্রেম করে মাসখানেক আগে বিয়ে করেছেন। কয়েকদিন আগে তারা এই বাসা ভাড়া নিয়েছেন। কী কারণে বা কীভাবে রাজনা মারা গেলেন, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

