মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী): নির্বাচনে অংশ নিচ্ছেন না এবাদুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৮
সিলেট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন।
আজ ৭ ডিসেম্বর শুক্রবার রাত ১২টার পরপরই এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ফেসবুক পেজ থেকে দলীয় মহাসচিবকে লেখা একটি চিঠি পোস্ট করা হয়। চিঠিতে তিনি আকস্মিক ভাবে তাঁর শরীর খারাপ হওয়ায় নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব হচ্ছে না বলে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।
দলীয় মহাসচিবকে লেখা চিঠির সাথে একটি স্ট্যাটাসও পোস্ট করা হয়। পাঠকদের জন্য তা হু্বহু তুলে ধরা হলো:
অামি অসুস্থ। জরুরী ভিত্তিতে চোখের অপারেশন করানো প্রয়োজন। এমন পরিস্থিতিতে অামি নির্বাচন না করার সিদ্বান্ত নিয়েছি অাজ। প্রিয় বড়লেখা-জুড়ীবাসী অাপনারা অামাকে ক্ষমা করবেন। কোন পরিস্থিতিতে অামাকে এ সিদ্বান্ত নিতে হয়েছে অাশাকরি, তা অাপনাদের জানবার বাইরে নয়
এছাড়া এবাদুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর রোববার মৌলভীবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম যাচাই-বাছাই শেষে হলফনামায় আয়কর রির্টান কপির অনুলিপি জমা না দেওয়ায় কারণে বিএনপির প্রার্থী এবাদুর রহমান চৌধুরী মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে
প্রার্থিতা ফিরে পেতে গত ৪ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। গতকাল বৃহস্পতিবার আপিলের শুনানি হয়নি। আজ বা কাল শনিবার আপিল হওয়ার কথা রয়েছে। এর মধ্যে আকস্মিক ভাবে তাঁর ফেসবুক পেজ থেকে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

