‘বড়লেখা-জুড়ী’ আসনে বিএনপির মনোনয়ন পেলেন দু’জন!
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৮
সিলেট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দু’জনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তাঁরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু। দুজনই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছেন।
এবাদুর রহমান চৌধুরীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সাবেক একান্ত সহকারী সচিব মুফতি কমর উদ্দিন কামু। তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে এবাদুর রহমান চৌধুরীর প্রতিনিধি হিসেবে তিনি দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেছেন।’ পরে এবাদুর রহমান চৌধুরীও মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু। তিনি বেলা ২টার দিকে মনোনয়নপত্র গ্রহন করেছেন বলে নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। এ আসনে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, এ নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আগেই আলোচনার ঝড় ওঠে। শেষ পর্যন্ত কৌশলগত কারণে বিএনপি দু’জনকে দলের মনোয়ন দিয়েছে। এতে আবারো নতুন করে শুরু হয়েছে আলোচনা।

