সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন বড়লেখার আব্দুল কুদ্দুছ
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০১৮
সিলেট প্রতিনিধি: সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান ও সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুছ। গত ১৫ মার্চ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল কুদ্দুছকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়।
শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্র আব্দুল কুদ্দুছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ১৯৮৮ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে প্রথম তিনি এমসি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। গত ৪ জানুয়ারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ এমসি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে আব্দুল কুদ্দুছ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর গ্রামের বাড়ি দৌলতপুরে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন স্থানে চলছে মিষ্টি বিতরণ। তাকে অভিনন্দন জানিয়েছেন ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের ময়নুল হক, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি তবারক হোসেইন ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিন।
উল্লেখ্য, মো. হাবিব আলী ও নেওয়ারুন নেছার দ্বিতীয় পুত্র আব্দুল কুদ্দুস ১৯৬২ সালে বড়লেখার দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর এক ছেলে ও দুই মেয়ে। ছেলে বর্তমানে দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের ছাত্র এবং এক মেয়ে ঢাকা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট মেয়ে নবম শ্রেণীর ছাত্রী। বড় ভাই আমেরিকা প্রবাসী আব্দুর রউফ বকুল দীর্ঘদিন দুবাই জনতা ব্যাংকে কর্মরত ছিলেন।

