ইরান নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ফোনালাপ, মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ নিয়ে ফোনালাপ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসেন। বৃহস্পতিবারের (৪ জানুয়ারি) এই আলাপে তারা ইরানের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ইরান পরিস্থিতি নিয়ে গভীর গঠনমুলক আলোচনা হয়েছে। দুই নেতাই সম্মত হয়েছেন যে, বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে গিয়ে ইরানের কার্যক্রমে মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান দেখানো হচ্ছে কী না তা গভীরভাবে পর্যবেক্ষণ করা উচিত।
দ্রব্যমুল্য আর জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে ইরানে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিক্ষোভ শুরুর পর চলতি সপ্তাহে বরিস জনসন বলেছিলেন, আমরা প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছি। আর সংশ্লিষ্ট সব পক্ষকে সহিংসতা থেকে দূরে থেকে মানবাধিকারের আর্ন্তজাতিক রীতিনীতি মেনে চরার আহ্বান জানাচ্ছি।
গত সপ্তাহেই ইরানের উত্তরাঞ্চলীয় মাসহাদ শহরে বিক্ষোভ শুরুর পর তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ইরান এরইমধ্যে এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ করেছে।
টিলারসেনের সঙ্গে ফোনালাপে জনসন বলেন, ইরানের পরমাণু চুক্তির বিষয়ে যুক্তরাজ্য তার আগের অবস্থানে অনড় রয়েছে। এছাড়া ওই এলাকায় ইরানের অস্থিতিশীল কার্যক্রমের বিষয়ে মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
এছাড়া ওই আলাপে ইয়েমেন ও সিরিয়ায় রাজনৈতিক সমাধান খোঁজার বিষয়েও আলোচনা করেছেন। এছাড়া উত্তর কোরিয়ার অবৈধ পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে তাদের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়েও তারা সম্মত হন।

