গ্রেনফেল টাওয়ার তদন্তের জন্য ৩৮ মিলিয়ন পাউন্ড অর্থ বরাদ্দ চেয়েছে পুলিশ
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৮
দেশ ডেস্ক : গ্রেনফেল টাওয়ারের আগুনের ঘটনা তদন্তের ব্যয় বাবদ হোম অফিসের কাছে ৩৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ চেয়েছে মেট পুলিশ। এর মধ্যে ২০১৭-১৮ অর্থ বছরের জন্যে মেট পুলিশ ১১ দশমিক ১ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছে। যা দিয়ে ওভার টাইমসহ অন্যান্য প্রাসঙ্গিক ব্যয় মেটানো হবে। আর নতুন বছরের এপ্রিল থেকে আগামী এক বছরে গ্রেনফেল টাওয়ারের তদন্ত বাবদ সমস্ত ব্যয় ধরা হয়েছে ২৭ মিলিয়ন পাউন্ড। এই তদন্তে প্রায় দু’শ পুলিশ অফিসার এবং স্টাফ জড়িত বলে মেট পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য গত বছরের ১৪ জুন প্রথম প্রহরে কেনসিংটন এন্ড চেলসি বারার ২৪ তলা বিশিষ্ট গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে ৭১ জন মানুষ মারা যান বলে নিশিত করেছে পুলিশ। আগুনে ১২৯টি ফ্ল্যাট সম্পুর্ণ পুড়ে যায়।
এই আগুন লাগার কারণ, আগুন লাগার আগে ও পরে লোকাল অথোরিটির ভুমিকা এবং ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ নানান বিষয়ে তদন্ত করছে পুলিশ। এই তদন্তের সঙ্গে ৩৮৩টি কোম্পানী জড়িত আছে। এছাড়াও তদন্তের জন্যে ৩১ মিলিয়ন ডকুমেন্টস, ১১৪৪ জন স্বাক্ষিসহ আড়াই হাজার শারিরীক ক্ষতের প্রমান সংগ্রহ করেছে পুলিশ।
আগামী শরতে তদন্তের অন্তবর্তীকালিন একটি রিপোর্ট প্রকাশের আশা করছে পুলিশ।
এদিকে গত বছর সন্ত্রাস মোকাবেলার ব্যয়বাবদ অতিরিক্ত আরো ৭ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড অনুদানের জন্যে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে মেট পুলিশ।
সন্ত্রাস মোকােবলায় পুলিশের বাজেট নিয়ে গত বছর ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী থেরিজা মে। গত বছর ২২শে মার্চ ম্যানচেস্টার এরিনায় হামলার তদন্তের জন্য ১২ মিলিয়ন পাউন্ড আর্থিক বরাদ্দ দিয়েছিল সরকার। গ্রেটার ম্যাঞ্চেস্টার মেয়র এন্ডিবার্নহ্যাম অবশ্য এর সমালোচনা করে বলেছিলেন, এরিনা হামলার তদন্তের জন্যে অন্তত ২৮ মিলিয়ন পাউন্ডের প্রয়োজন হতে পারে। তবে মেয়রের এই সমালোচনার পরপরই গত নভেম্বরে ম্যানচেস্টার হামলা তদন্তের সব ধরনের ব্যয়ভারের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এদিকে লন্ডনে মেট পুলিশের কাট নিয়েও ব্যাপক সমালোচনার মধ্যে রয়েছে সরকার। পুলিশ এবং ক্রাইম বিভাগের ডেপুটি মেয়র সফি লিনডেন জানিয়েছেন, সরকারের অনবরত বাজেট কাটের ফলে লন্ডনে পুলিশ অফিসারের সংখ্যাও অনেক কমেছে। বর্তমানে লন্ডনে মেট পুলিশের প্রায় ৩০ হাজার ৩ শ অফিসার রয়েছে।

