বড়দিনে বৃটিশ উপকূলে রুশ যুদ্ধজাহাজ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৭
লন্ডন, ২৭ ডিসেম্বর: বড়দিনে বৃটেনের উপকূলে উত্তর সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ দেখা গেছে। বৃটিশ নৌবাহিনী জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গর্সকভকে সোমবার বৃটেনের নিকটবর্তী উপকূলে বিচরণ করতে দেখা যায়। বৃটিশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস অ্যালবানস থেকে তারা বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ খবর দিয়েছে বিবিসি। উল্লেখ্য, অ্যাডমিরাল গর্সকভ ক্ষেপণাস্ত্রবাহী রুশ রণতরী। সম্প্রতি পরীক্ষামূলকভাবে জাহাজটিকে সমুদ্রে নামানো হয়।
বৃটিশ নৌসীমানায় রুশ যুদ্ধজাহাজ প্রবেশের ঘটনায় রাশিয়ার প্রতি সতর্কবার্তা দিয়েছে বৃটেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন বলেন, আমরা কোনো ধরনের আগ্রাসন সহ্য করবো না। এ সময় নিজেদের নৌ সীমানা রক্ষায় কোনো আপস না করার ঘোষণা দেন তিনি। উইলিয়ামসন বলেন- দেশ, দেশের মানুষ ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে বৃটেন কখনোই ভীত হয় না। রাশিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, অ্যাডমিরাল গর্সকভ আগামী বছর নৌবাহিনীতে যোগ দেয়ার কথা রয়েছে। তার আগে জাহাজটিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

