চ্যারিটির অর্থ প্রতারণার দায়ে একাউন্টেন্টসহ প্রতারকের জেলদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৭
দেশ ডেস্ক: প্রতারণার মাধ্যমে সংগৃহিত চ্যারিটির অর্থ আত্মসাতের দায়ে ইস্ট লন্ডনের নিউহ্যাম বারার স্ট্রাটফোর্ডের এক ব্যক্তিকে তিন বছরের জেল দিয়েছে লন্ডনের ব্ল্যাকফ্রায়ার্স ক্রাউন কোর্ট। দন্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ নাজমুল আলম (৩৬)। জ্বালিয়াতির মাধ্যমে একটি চ্যারিটি সংস্থার নামে অর্থ সংগ্রহের কথা আদালতে স্বীকার করেছেন তিনি। তাকে সহযোগিতা করার জন্যে তার একাউন্টেন্টকেও নয় মাসের জেল এবং ১৮ মাসের জন্যে সাসপেন্ড করেছে আদালত। একাউন্টেন্টের নাম মোহাম্মদ মহসিন (৬০)। ইস্ট লন্ডনের ইলফোর্ড তার ফার্ম। তিনি দোষী নাজমুল আলমের পক্ষে জাল কাগজপত্র ও ভুল তথ্য চ্যারিটি কমিশনে পাঠিয়েছেন।
আদালত জানিয়েছে, নন এলায়েন্স স্যোশাল এইড ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি সংস্থার ট্রাস্টি হিসেবে তিনি চার বছরে প্রায় ১শ ৬৭ হাজার পাউন্ড সংগ্রহ করেন। তবে এই নামে কোনো সংস্থা চ্যারিটি কমিশনে রেজিস্টার নয়। গত বছর ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বিষয়টি চ্যারিটি কমিশনের নজরে আনে। বিভিন্ন রেল স্টেশন এবং রেলের ভেতরে নিয়মিত এই সংস্থার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছিল। তবে অর্থ সংগ্রহের সময় যে ব্যাংক একাউন্ট দেখানো হচ্ছিল, সেই ব্যাংক একাউন্টের সঙ্গে চ্যারিটি কমিশনের ওয়েব সাইটে কোন তথ্যের মিল পাওয়া যায়নি। তদন্তে দেখা গেছে, রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই অর্থ নাজমুল আলম তিনি নিজের একাউন্টে ট্রান্সফার করতেন। এ জন্যে তিনি ভুয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টের নামে একটি কোম্পানিও করেন। অন্যদিকে একাউন্টেন্ট মহসিন প্রতিবছর নাজমুল আলমের পক্ষে অর্থনৈতিক রিপোর্ট পাঠাতেন চ্যারিটি কমিশনে।

