গৌরবের সঙ্গে ১৩ বছর পূর্ণ করলো চ্যানেল এস : নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৭
দেশ ডেস্ক: গৌরবের সঙ্গে ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পন করেছে প্রবাসে বাংলাদেশীদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস। ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয় চ্যানেল এস’র ১৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান। বর্ষপূর্তি উপলক্ষে ওয়ালথামস্ট্রোর স্টুডিওতে দুপুর ৩টা থেকে শুরু হয় নানা আনুষ্ঠান।
এ সময় কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ স্টুডিওতে এসে চ্যানেল এস’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তাঁরা লাইভ অনুষ্ঠানে চ্যানেল এস নিয়ে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা তুলে ধরেন। রাত সাড়ে ৮টায় স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, ভাইস চেয়ারম্যান আব্দুল হক অতিথিদের নিয়ে ১৩তম বর্ষপূতির কেক কাটেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার নাজমুল কাওনাইন, টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগসসহ কমিউনিটির রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক মানুষ।
অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল এস’র হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, চ্যানেল এস কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে, এ জন্য মানুষের প্রত্যাশাও অনেক বেশি। ২০০৪ সালে নতুন স্বপ্ন আর ভিশন নিয়ে যাত্রা শুরু করে চ্যানেল এস। কমিউনিটির অকুণ্ঠ সমর্থন এবং দ্রুত দর্শক জনপ্রিয়তা নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে এই স্যাটেলাইট চ্যানেলটি। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চ্যানেল এস’র স্টুডিওতে কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ঢল নামে। তাদেরকে স্বাগত জানান, টেলিভিশনের কর্মকর্তা ও কলাকুশলীরা।




