ব্রেক্সিট আলোচনায় নতুন মাত্রা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৭
দেশ, ৯ ডিসেম্বর: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের চূড়ান্তভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে (বেক্সিটের) ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে বৃটেন ও ইইউ। এ বিষয়ে শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যা ক্লদ জাঙ্কারের সঙ্গে বৈঠক করেন বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে আলোচনায় বিরাট অগ্রগতির ঘোষণা দেন তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়, ইউরোপিয়ান কমিশন ঘোষণা দিয়েছে, বিচ্ছেদের বিষয়ে বৃটেনের সঙ্গে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এতে আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্ত, বিচ্ছেদ বিল ও নাগরিক অধিকারের বিষয়ে আলোচনা হয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সতর্ক করে বলেছেন, কঠিন কাজ এখনো সামনে। তিনি বলেন, আমাদের মনে রাখা উচিত, সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এখনো সামনে। আমরা জানি, বিচ্ছেদের বিষয়টি কঠিন। কিন্তু বিচ্ছেদের পর নতুন সম্পর্ক তৈরি করা আরো বেশি কঠিন। প্রধানমন্ত্রী তেরেসা মে বলেছেন, সমঝোতার মূল অংশ ছিল এই বিষয়টি নিশ্চিত করা যে, বৃটিশ শাসিত উত্তর আয়ারল্যান্ড ও ইইউভুক্ত আয়ারল্যান্ডের মধ্যকার সীমান্তে কোনো তল্লাশি চৌকি থাকবে না। জাঙ্কারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা অঙ্গীকার করছি, উত্তর আয়ারল্যান্ড সীমান্তে কোনো কড়াকড়ি থাকবে না। জাঙ্কার-মে বৈঠকে তিনটি বিষয়ে সমঝোতা হয়েছে।
প্রথমত, আইরিশ বর্ডারে কোনো কড়াকড়ি থাকবে না। পাশাপাশি উভয়পক্ষের মধ্যে সাংবিধানিক ও অর্থনৈতিক একতা রক্ষা করা হবে। দ্বিতীয়ত, বৃটেনে বসবাসকারী ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা তাদের আবাসন, কর্মসংস্থান ও পড়ালেখার অধিকার পাবে। সেখানে তাদের সুরক্ষা দেয়া হবে। তৃতীয়ত, বৃটেন ইইউকে ৩৫-৪০ বিলিয়ন বৃটিশ পাউন্ড বিচ্ছেদ বিল প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই সমঝোতাকে ‘বিরাট সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। বলেন, ইইউ নেতারা এই সমঝোতা মেনে নেবে বলে তার বিশ্বাস।
বৃহস্পতিবার ইউরোপীয়ান কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে এই সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এদিকে, সমঝোতার খবরে বৃটিশ পাউন্ডের বিনিময়মূল্য ৬ মাসে সর্বোচ্চে পৌঁছেছে। জাঙ্কার ও মে’র যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যদি বাণিজ্যের বিষয়ে চূড়ান্ত কোনো চুক্তি স্বাক্ষরিত না হয়, তাহলে ইউরোপের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলবে বৃটেন।

