ব্রেক্সিট সংলাপে থেরেসা মে
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৭
দেশ ডেস্ক: ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট সংলাপে অংশগ্রহণ করতে ব্রাসেলস পৌঁছেছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সেখানে তিনি এবং ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কারের এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্কের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপে বসবেন। আলোচনার জন্য আগেই সময়সীমা বেঁধে দিয়েছিলেন ডনাল্ড টাস্ক। সেই সময়ের মধ্যেই ব্রাসেলস পৌঁছেছেন থেরেসা। উল্লেখ্য, ব্রেক্সিট আলোচনায় অগ্রগতির জন্যে ডিভোর্স বিলের অংক বাড়ানোসহ আরো উন্নত সমঝোতা পরিকল্পনা প্রস্তাব করার জন্যে বৃটেনকে আহ্বান জানিয়েছিলেন টাস্ক। ২০১৯ সালের মার্চে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার কথা বৃটেনের।
তবে আলোচনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং বৃটেনের মধ্যে এখনো কোন উল্লেখজনক অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এই সংলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেছে ডাউনিং স্ট্রিট। তবে এই সংলাপে কোন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে না বলে বিবিসি জানিয়েছে। ব্রেক্সিট বাস্তবায়নের ক্ষেত্রে সার্বিক করণীয় এবং ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বৃটেনের মধ্যকার স¤পর্ক কেমন হবে- এ স¤পর্কে সংলাপে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আরো বলা হয়েছে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আয়োজিত মধ্যাহ্নভোজে থেরেসা মে ব্যক্তিগত আলোচনায় বিদ্যমান দ্বিমত সমূহ কমিয়ে আনার চেষ্টা করবেন। যদি সবকিছু ঠিকভাবে এগোয়, সেক্ষেত্রে বর্তমান সমঝোতা নিয়ে একটি যৌথ রিপোর্ট প্রকাশ করবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বৃটেন।

