সিলেটের জৈন্তাপুরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২২
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পাথর কোয়ারি নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২২জন আহত হয়েছেন। ৩ ডিসেম্বর রোববার দুপুর ১২টায় দিকে উপজেলার শ্রীপুর পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।
আহত ২২জনের মধ্যে ১জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, ৩জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১৮জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সাপ্তাহিক দেশ’কে নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হিল্লুল শাহা।
জানা যায়, জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং স্থানীয় দরবসত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল আহমেদের বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির সাপ্তাহিক দেশ’কে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিয়াকত ও কামাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

