অনিয়মের আখড়া সোনালী ব্যাংক ইউকে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৭
০ পাঁচ বছরে ৪০৫ ধরনের অনিয়ম
০ কোর ব্যাংকিং চালুর নামে ১৯ কোটি টাকা গচ্ছা
০ অনিয়মের কারণে ৫৫ কোটি টাকা জরিমানা
০ জালিয়াতিতেই ১০০ কোটি টাকার আয়-বঞ্চিত
০ গুটিয়ে নেয়া হতে পারে ব্যাংকের কার্যক্রম
লন্ডন, ৩০ নভেম্বর: অর্থ আত্মসাৎ, মুদ্রাপাচার, জনবল নিয়োগ থেকে শুরু করে ভুয়া অ্যাকাউন্টে টাকা উত্তোলন। এমন জালিয়াতির খোঁজ মিলেছে সোনালী ব্যাংকের যুক্তরাজ্য শাখায়। কেবল তাই নয়, দুর্নীতির প্রমাণ সরাতে, গায়েব করা হয়েছে নথিও। আর এসব অনিয়মে জড়িত, ওই ব্যাংকেরই কর্মকর্তারা। সোনালী ব্যাংকের সামগ্রিক তদন্ত প্রতিবেদন বলছে, গেলো ৫ বছরে ৪০৫ ধরনের অনিয়ম হয়েছে, যুক্তরাজ্য শাখায়। তাই এখন যুক্তরাজ্য থেকে ব্যাংকটির কার্যক্রম গুটিয়ে নেয়ার চিন্তা করছেন সরকারের নীতিনির্ধারকরা। সোনালী ব্যাংক যুক্তরাজ্য শাখা, প্রতিষ্ঠার লক্ষ্য স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান। কিন্তু গেল দেড় যুগে তুষ্টির ছিঁটেফোটাও খুঁজে পাননি গ্রাহকেরা। লোকসানের ঘানি টেনে বেড়াচ্ছে প্রতিটি বছর।
প্রতিবেদন বলছে, কোর ব্যাংকিং চালু করতে একটি কোম্পানীকে কাজ দিতে নিয়মের ধারেকাছেই যায়নি সে সময়ের পর্ষদ। ৫ বছরে কোনো কাজ না করেই প্রতিষ্ঠানটি বাগিয়ে নিয়েছে প্রায় ১৯ কোটি টাকা, যা মোট ব্যয়ের ৮৫ শতাংশ। শেষ পর্যন্ত চুক্তি বাতিল হলেও অর্থ ফেরতের উদ্যোগ রয়ে যায় অধরাই। আর জনবল প্রশিক্ষণের অর্ধেকের বেশি ব্যয়ই দেখানো হয়েছে ওই শাখার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার পেছনে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সৃষ্টি করা হয় ডেপুটি প্রধান নির্বাহী পদও।
গেল এক দশকে ব্যাংকটির রেমিট্যান্স ৩৯১ লাখ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ১৬০ লাখ ডলারে। অথচ তলাবিহীন এই ঝুড়ি বহন করতে ১ হাজার ৩৩০ কোটি ডলার মূলধন যোগান দেয় সরকার, সেখানেও ঘটেছে তছরূপ। আর এনিয়ে ভাবনার কথা উঠে এলো প্রতিমন্ত্রীর কণ্ঠেও। অনিয়মের জেরে যুক্তরাজ্যে ব্যাংকটিকে গুণতে হয়েছে প্রায় ৫৫ কোটি টাকার জরিমানা। আর বহুমুখি জালিয়াতিতেই কেবল বছরেই ১০০ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে সোনালী ব্যাংক। এসব বিষয়ে জানতে যোগাযোগ করে যুক্তরাজ্য সোনালী ব্যাংকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: চ্যানেল২৪

