সিলেটের কানাইঘাটে পাথর ধসে ৫ শিশুসহ নিহত ৬
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৭
সিলেট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের (পূর্ব) মুলাগুল বাংলাটিলায় পাথর ধসে ৫ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কানদলা কোনাপাড়া এলাকার মুছব্বির আলীর পুত্র মারুফ আহমদ (১৩), একই গ্রামের আলমাছ উদ্দিনের জমজ দুই পুত্র নাহিদ আহমদ ও শাকিল আহমদ (১২), ইউনুস মিয়ার পুত্র জাকির আহমদ (১৩), আয়না মিয়ার পুত্র আব্দুল কাদির (১২) এবং সুন্দর আলী (৪০)। এ ঘটনায় নুর উদ্দিনের পুত্র মাহফুজ রহমান (১২) নামের ওপর এক শিশু আহত হয়েছে।
জানা যায়, স্থানীয় মাদ্রাসার জলসা অনুষ্ঠান আজ বিকালে। তাতে যোগ দেবার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে নৌকা নিয়ে পাথর সংগ্রহ করতে গিয়েছিলো শিশুরা। তখন উপর থেকে পাথর ধসে পড়ে ৫ জনের মৃত্যু হয়। তবে নিহত সুন্দর আলী নিজের সন্তানকে উদ্ধার করতে গিয়ে মারা গেছেন বলে জানা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এবং কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

