লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের অবস্থার উন্নতি
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৭
দেশ, ৪ নভেম্বর: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত। অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ সচল না থাকায় ফিজিওথেরাপি দেয়ার জন্য মঙ্গলবার রিহ্যাবে (ফিজিওথেরাপি সেন্টার) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব একেএম মিজানুর রহমান। পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, আনিসুল হক এখন অনেকটা আশঙ্কামুক্ত। তিনি চোখ খোলা , বন্ধ করা এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। তবে এখনো কথা বলা বা অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছেন না।
এজন্য তাকে ফিজিওথেরাপি দেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসকদের পরামর্শে মেয়রকে আগের হাসপাতাল থেকে ফিজিওথেরাপি সেন্টার রিহ্যাবে ভর্তি করা হয়েছে। গত ২৯শে জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডন যান মেয়র আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।

