৩৮টি ডাকাতির অপরাধ : টাওয়ার হ্যামলেটসে সংঘবদ্ধ ডাকাত চক্রের জেলদণ্ড
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৭
দেশ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসে ৩৮টি ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রকে জেলদণ্ড দিয়েছেন আদালত। স্থায়ীন ‘ইস্ট লন্ডন এডভার্টাইজার’ জানায় এই চক্র পেট্রোল স্টেশন এবং মুদি দোকান থেকে ১০হাজার পাউন্ড মূল্যের মালামাল লুট করে। স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট বলেছে, ৪ সদস্যের এই চক্র মারামারি, স্টাফদের হুমকি দিয়ে ৩৮টি ডাকাতির মাধ্যমে দোকান থেকে মদ, সিগারেট, দোকানের মালামাল চুরি করে নিয়ে যায়। কোনো কোনো দোকান তারা একাধিকবার লুট করে।
গত ডিসেম্বর মাসে সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে একটি দোকানের কাউন্টার থেকে মদ ও সিগারেট নিয়ে যায় তারা। যার মূল্য প্রায় ১৬’শ পাউন্ড। কোর্ট গত ৬ অক্টোবর শুক্রবার হোয়াইটচ্যাপেল সংলগ্ন ক্যানন স্ট্রিটের বাসিন্দা গিড জামা (২৮), রোমান রোডের সাইদ মিয়া (২৩), টুটেনহামের আলীনূর রহমান (৩৬) এবং ৩৪ বছর বয়সী আব্দুল হান্নানকে অভিযুক্ত করে। এদের মধ্যে গিড জামাকে ৭ বছর, আলীনূরকে ৩ বছর ৪ মাস, সাঈদ মিয়াকে ২ বছর ও আব্দুল হান্নানকে ৬ বছরের জেলদন্ড দিয়েছেন আদালত।

