যুক্তরাজ্য যুবদল নেতা সোহালেহীন করিমসহ ৭ জনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৭
দেশ রিপোর্ট: যুক্তরাজ্য যুবদল নেতা সোয়ালেহীন করিম চৌধুরীসহ ৭জনকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের ওলডবইলি আদালত এ রায় প্রদান করেন। সোয়ালেহীন করিম চৌধুরীর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায়। তিনি ২০১৫ সালে যুক্তরাজ্য যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হন। একই বছর তিনি আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর যুক্তরাজ্য যুবদলের আর কোনো কমিটি হয়নি। আসামিদের মধ্যে সোয়ালেহীন করিমসহ ৪জন বাংলাদেশি বংশোদ্ভূত। তাদের মধ্যে সোয়ালেহীন (৩৯) করিমকে ১ বছর এবং অন্য ৩ জনের মধ্যে শাহ হোসেন আলী (৪৫) ও মইনুল হোসেন (৪১)কে ৪ বছর করে এবং মনির হোসেন (২৫)কে ৮ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিন আসামির মধ্যে ডেভিড পেইজকে (৬০) ৭ বছর এবং একই বয়সী নেইল নিউব্যারিকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পিটার (২৫) কোমাকে ১৫ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, এই চক্র ২০১৪ ও ২০১৫ সালে প্রতারণার মাধ্যমে মোট ৫ লাখ পাউন্ড (প্রায় ৫ কোটি টাকা) হাতিয়ে নেয়।
ঘটনার বিবরণে জানা গেছে, এ জালিয়াতচক্র পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে ফোন করে বলত- তাদের ব্যাংক একাউন্ট জালিয়াতরা টার্গেট করেছে। তাই তাদের ব্যাংকের সব অর্থ পুলিশ একাউন্টে ট্রান্সফার অথবা পুলিশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ হস্তান্তর করার জন্য। ফোন পেয়ে আতঙ্কিত ভুক্তভোগীরা ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য পুলিশে কল করতেন। জালিয়াত চক্র সংশ্লিষ্ট ব্যক্তির কল নিয়ন্ত্রণ করে পুলিশ পরিচয়ে কথা বলত। ভুক্তভোগীদের একজন এই চক্রের ফাঁদে পড়ে তাঁর সারাজীবনের সঞ্চয় ২ লাখ ৮৮ হাজার পাউন্ড খোয়ান। ২০১৪ ও ২০১৫ সালে তারা মিথ্যা কথা বলে ব্লাকপুল, ডারহাম, ডরমেট ও ফেয়ারহামের বিভিন্ন লোকের কাছ থেকে পাঁচ লাখ পাউন্ড হাতিয়ে নেয়। সিপিএস’র আইনজীবী রবার্ট হাবিলসন বলেছেন, অপরাধীদের ব্যক্তিগত সম্পদ থেকে এসব অর্থ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

