টেকনাফে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি: চার শিশুসহ ৬ জনের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭
দেশ, ১৩ সেপ্টেম্বর: টেকনাফে নাফ নদী থেকে চার শিশুসহ ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে ৪ জন শিশু ও জাইল্লাপাড়া ইউনিয়ন থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা মো. মাইন উদ্দিন খান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে স্থানীয়রা জানায়, গতকাল ভোরে মিয়ানমার থেকে অর্ধশতাধিক রোহিঙ্গা ট্রলারে করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। ট্রলারটি নাফ নদীর মোহনায় পৌঁছলে অপর একটি ট্রলারের ধাক্কায় এটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে পৌঁছলেও প্রায় ৩০ জন নারী-শিশু নিখোঁজ রয়েছে। স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান জানান, ৪০/ ৫০জন রোহিঙ্গা নাফ নদী হয়ে এপারে ঢুকছিল। এসময় স্থানীয় আব্দুল্লাহ’র মালাকানাধীন একটি ট্রলারে সঙ্গে ধাক্কা লেগে রোহিঙ্গা বোঝাই ট্রলারটি ডুবে যায়। তবে কতজন নিখোঁজ আছে তা জানা যায়নি।

