পাঁচ তলায় পুড়ে যাওয়া ৩ লাশ : র্যাবের তল্লাশি অভিযান চলছে
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০১৭
দেশ, ৬ সেপ্টেম্বর: মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযানে অগ্নিদগ্ধ ৩টি লাশ উদ্ধার করেছে র্যাব। গতকাল মধ্যরাতের বিস্ফোরণে এদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ভবনটির ৪টা ফ্লোরে তল্লাশি সম্পন্ন হয়েছে। পঞ্চম তলার একটি রুমে পুড়ে যাওয়া তিনটি লাশ পাওয়া গেছে। গতরাতের বিস্ফোরণে এদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া আরো কিছু জিনিসপত্র পাওয়া গেছে। কিন্তু সেগুলো সবই বাজেভাবে পুড়ে গেছে। ফলে তাৎক্ষণিক ভাবে শনাক্ত করা যাচ্ছে না। র্যাব মুখপাত্র আরো জানিয়েছেন, অভিযান চলমান আছে।
এর আগে আজ সকাল সাড়ে নয়টায় মিরপুরের মাজার রোডের ভবনটিতে তল্লাশি অভিযান শুরু করে র্যাব। অভিযানে অংশগ্রহণ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, বোম ডিজপোজাল ইউনিট এবং র্যাবের ডগস্কোয়ার্ড। যেকোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় উপস্থিত রয়েছেন বিপুল সংখ্যক র্যাব সদস্য। র্যাব মুখপাত্র মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, ‘অভিযান শেষে সাংবাদিকদের ঘটনাস্থলে যাবার অনুমতি দেওয়া হবে।’
এর আগে সকালে চালকবিহীন বিমানের (ড্রোন) মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী। রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইলের এলেঙ্গায় গত ৩রা সেপ্টেম্বর সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির জঙ্গি দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্রসহ আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ রাতেই মিরপুরে র্যাবের এই অভিযান শুরু হয়। রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুর মাজার রোডে ছয়তলা বাড়িটি ঘিরে রাখে র্যাব।

