ঈদ মোবারক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০১৭
দেশ রিপোর্ট: আজ পয়লা সেপ্টেম্বর শুক্রবার যুক্তরাজ্যে পালিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম আনন্দ-উৎসব পবিত্র ঈদুল আদ্বহা। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) স্বপ্নে আদিষ্ট হয়ে পবিত্র জিলহাজ্ব মাসে তাঁর প্রাণপ্রিয় সন্তান হযরত ঈসমাইল (আঃ) কে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানী দিয়েছিলেন। কিন্তু যেহেতু এটি ছিলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে তাঁর জন্য এক বিশেষ পরীক্ষা তাই গলায় ছুরি চালানোর পরও ইসমাইল (আঃ) সম্পুর্ণ অক্ষত ছিলেন। ছেলের পরিবর্তে কুরবানী (জবেহ) অবস্থায় ইব্রাহিম (আঃ) তাঁর সম্মুখে দেখতে পেয়েছিলেন একটি জন্তু।
এই কুরবানীর মধ্য দিয়ে আল্লাহ তায়ালার প্রতি ইব্রাহিম (আঃ) এর আনুগত্যের পরীক্ষা নেয়া হয়েছিলো। সেই থেকে মুসলিম জাতির উপর পশু কুরবানী করা অপরিহার্য। কুরবানীর পশু জবাই করার পর রক্ত মাটিকে পড়ার সাথে সাথে আল্লাহ তায়ালা তা কবুল করে নেন। কুরবানীর পশুর প্রতিটি লোমের বিপরীতে আল্লাহ তায়ালা কুরবানীদাতাকে সওয়াব দিয়ে থাকেন। তাই ঈদুল আজহা মুসলমানদের জীবনে শুধু একটি আনন্দ উদযাপনের দিনই নয়, বরং এটি মহান আল্লাহ তায়ালার প্রতি নিজেকে উৎসর্গ করার একটি ঐতিহাসিক দিবসকে স্মরণ করার নাম।
পবিত্র ঈদুল আদ্বহা উপলক্ষে সাপ্তাহিক দেশ-এর সর্বস্তরের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাংখী ও শুভানুধ্যায়ীর প্রতি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ হোক ত্যাগের মহিমায় ভাস্বর একটি দিন।

