বিশ্বের বড় লাইব্রেরি ইরানে
প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৭
দেশ ডেস্ক, ৩১ আগস্ট : ইরানের রাজধানী তেহরানে এক লাখ ১০ হাজার বর্গমিটারের বিশাল এলাকা নিয়ে নির্মিত হয়েছে তেহরান বুক গার্ডেন। বলা হচ্ছে, এটি বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি। রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলীয় আব্বাসাবাদ হিলসে নির্মিত লাইব্রেরিটিতে বইয়ের মনোরম প্রদর্শনীর সাথে সাথে থাকছে একটি আর্ট গ্যালারি ও ১০টির মতো থিয়েটার ও অ্যাম্ফিথিয়েটার। শিশুদের জন্য নির্ধারিত রয়েছে একটি বিশেষ সেকশন যেখানে থাকবে তাদের পাঠোপযোগী বই। নিউজ উইকের এক প্রতিবেদনে বলা হয়, শুধু শিশুদের জন্য রয়েছে চার লাখ বইয়ের বিশাল সংগ্রহ। এই লাইব্রেরিতে রয়েছে মুভি থিয়েটার, সায়েন্স হল, ক্লাসরুম, একটি রেস্টুরেন্ট এবং একটি প্রার্থনা ঘর। আর মনোরম পরিবেশে পড়ার জন্য লাইব্রেরির ছাদে রয়েছে সবুজ পার্ক।
গত জুলাইয়ে উদ্বোধনকালে তেহরানের মেয়র মোহাম্মদ বাকার কালিবাফ বলেন, ‘এটা দেশের জন্য একটি বড় সাংস্কৃতিক আয়োজন। এই সাংস্কৃতিক ও শিক্ষামূলক সুযোগ গ্রহণ করে শিশুরা সর্বোত্তমভাবে গড়ে উঠবে।’ তেহরান বুক গার্ডেনের প্রথম প্রস্তাব এসেছিল ২০০৪ সালে। তেহরান আন্তর্জাতিক বইমেলার তুমুল জনপ্রিয়তার কারণে এই প্রস্তাবটি আসে। গত ২০১৫ সালের তেহরান আন্তর্জাতিক বইমেলাতে শীর্ষ প্রকাশকদের সঙ্গে কথা বলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এ ব্যাপারে হাসান রুহানির সরকারের ব্যাপক প্রশংসা করেছে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস। তার সরকার দেশটিকে সাংস্কৃতিকভাবে উদার করার চেষ্টা করছে বলে মনে করে পত্রিকাটি। এরই ধারাবাহিকতায় বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির মতো স্থাপনা তৈরি হচ্ছে।

