সুন্দরবনের ১০ কিমি’র মধ্যে শিল্পকারখানা অনুমোদনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৭
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন করে শিল্পকারখানা স্থাপনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। পাশপাশি ওই এলাকায় বর্তমানে কতগুলো কলকারখানা রয়েছে তার তালিকা ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানিতে এ আদেশ দেন।
সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকারজুড়ে শিল্প-কারখানা স্থাপনের অনুমোদন কেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ১৯৯৯ সালের প্রজ্ঞাপনের লঙ্ঘন হবে না এবং নির্মিত নতুন শিল্প-কারখানা কেন অপসারণ করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের ডিজি, ডেপুটি কমিশনার খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও খুলনার পুলিশ সুপারকে (এসপি) ওই রুলের জাবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তার সঙ্গে ছিলেন শাহিনুর আলম, এহতেশামুল করিম, হাবিবুর রহমান, তারিকুল ইসলাম খান, ব্যারিস্টার রুমানা জামান, মো. আশিফুর রহমান ও খালেদ আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

