সমুদ্রপথে স্পেন পাড়ি দেয়ার সময় উদ্ধার ৬০০ অভিবাসী
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৭
দেশ, ১৭ আগস্ট: মরক্কো থেকে সমুদ্রপথে অবৈধ উপায়ে স্পেনে পাড়ি দেয়ার সময় উদ্ধার করা হয়েছে ৬০০ অভিবাসীকে। স্পেনের কোস্টগার্ডরা সমুদ্রে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। এসব অভিবাসী খেলনা জাতীয় পদচালিত নৌকা ও জেট-স্কির মাধ্যমে মরক্কো থেকে স্পেনে যাচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে একজন শিশু ও ৩৫ জন বালক-বালিকা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। জাতিসংঘ বলছে, এ বছর নয় হাজারেরও বেশী অভিবাসী স্পেনে আশ্রয় গ্রহণ করেছে, যা গত বছরের তুলনায় তিনগুণ বেশী।
এছাড়া সমুদ্রপথে পাড়ি দেয়ার সময় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে অন্তত ১২০ জন। এ মাসের প্রথম দিকে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (এমওএম) জনায়, স্পেনে অভিবাসী আগমনের ক্রমবর্ধমান ধারা অব্যাহত থাকলে অভিবাসী আশ্রয় দেয়ার ক্ষেত্রে গ্রিসকে অতিক্রম করে যাবে স্পেন ।
সাগর পাড়ি দেয়ার ক্ষেত্রে বেশির ভাগ অভিবাসী ১২ কিলোমিটার দীর্ঘ জিব্রাল্টার প্রণালী বেছে নেয়। বাহন হিসেবে তারা ছোট আকারের খেলনা জাতীয় ইঞ্জিনবিহীন নৌকা ব্যবহার করে। এ ধরণের নৌকা ব্যবহার করার কারণে তাদেরকে মানব পাচারকারী চক্রকে কোন অতিরিক্ত অর্থ দিতে হয় না। এছাড়া ইতালিয়ান কোস্ট গার্ড বলছে, তারা ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে এক দিনে পাঁচ হাজার অভিবাসীকে উদ্ধার করেছে। জাতিসংঘের অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী, এ বছরে প্রায় এক লাখ শরণার্থী ইতালিতে পাড়ি জমিয়েছে। আর সাগরে ডুবে মারা গেছে প্রায় ২২৪২ জন।

