কামরানের প্রথম জানাযা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
দুপুর পৌণে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।
জানাযার নামাজে ইমামতি করেন তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল।
এরআগে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কামরানের মরদেহবাহী এম্বুলেন্সটি ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। পরে বাসায় গোসল করিয়ে মরদেহ মসজিদে নিয়ে যাওয়া হয়।
রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়।

