বিয়ানীবাজারে ড্রামের ভেতর কম্বলে মোড়ানো শিশুর লাশ, চাচিসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটের বিয়ানীবাজারে আপন চাচার ঘরে একটি ড্রামের ভেতর থেকে আরিফ হোসেন নামে ৩ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রাম থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন উত্তর আকাখাজানা গ্রামের খছরু মিয়ার পুত্র।
এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- উত্তর আকাখাজান গ্রামের খছরু মিয়ার ভাই রুনু মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩৫) এবং চারখাই মধুরচক এলাকার কামাল উদ্দিনের ছেলে নাহিদ আহমদ (২৭)। ধারণা করা হচ্ছে, আরিফকে হত্যার পর ড্রামের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজান গ্রামের খছরু মিয়ার সাথে তারই ভাই রুনু মিয়ার পারিবারিক বিরোধ চলছিল। রোববার সকালে হঠাৎ করে খছরু মিয়ার ছেলে আরিফ নিখোঁজ হয়। স্বজনরা তাঁকে বিভিন্নস্থারে খোঁজে পাননি। এদিকে আরিফকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার চাচি সুরমা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তার ঘর তল্লাশি চালানো হয়। পরে চাচির তথ্যমতে একটি ড্রামের ভেতর থেকে কম্বলে মোড়ানো অবস্থায় আরিফের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং চাচিসহ দু’জনকে আটক করে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর বলেন, পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেছে। শিশুটির মাথা ও গলা আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

