ব্রিটিশ বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব সনদ ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট প্রদানের সিদ্ধান্তের সুযোগ গ্রহণের আহ্বান হিউম্যান রাইটসের
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৩
সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব সনদ ছাড়াই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এর প্রেক্ষিতে উক্ত বিষয়ে ক্যাম্পেইনে নিয়োজিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ইউকের জরুরী সভা গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
সংগঠনের নিজস্ব কার্যালয় ইস্ট লন্ডনের প্রিন্সলেট স্ট্রিটের দর্পন মিডিয়া কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলী। সভা পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারী কাউন্সিলার আয়াছ মিয়া। সভায় বক্তব্য রাখেন, সাবেক স্পীকার আহবাব হোসেন, জয়েন্ট সেক্রেটারী, আবুল হোসেন, এডভোকেট আমিরুল ইসলাম, নাজমূল হুদা, শাহ মালিক মর্তুজা, ফারুক মিয়া, শেখ মোদাব্বির হোসেইন, রেদওয়ান খান, দিলু চৌধুরী, মনাফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ব্রিটিশ বাংলাদেশীদের দ্বৈত নাগরিকত্ব সনদ ছাড়াই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। পাশপাশি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের গত ২২ ডিসেম্বর প্রদত্ত জরুরি প্রেস বিজ্ঞপ্তিতের আলোকে উল্লেখ করেন যে, যেহেতু হাইকমিশনের অব্যাহত যোগাযোগের প্রেক্ষিতে বিষয়টি সফলতা লাভ করেছে সেহেতু প্রবাসীদের অন্যান্য দাবিগুলিও এভাবে যোগাযোগের মাধ্যমে বাস্তবায়নের জন্য তারা বিশেষ ভ‚মিকা রাখবেন। এগুলির মধ্যে রয়েছে, ব্রিটিশ বাংলাদেশীদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তি সহজকরণ, নো ভিসা সংক্রাস্ত জটিলতা নিরসন, এনআইডি কার্ড প্রদানের কাজ দ্রুতকরণ, পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার ক্ষমতা পূর্বের মত করণ ও প্রবাসী ট্রাইব্যুনাল গঠন ইত্যাদি।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশি নাগরিকসহ দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম পর্যন্ত বাংলাদেশি নাগরিকত্ব বহাল থাকবে। ফলে তাদের বাংলাদেশি পাসপোর্ট পেতে দ্বৈত নাগরিকত্ব সনদের প্রয়োজন পড়বে না। এ প্রেক্ষাপটে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা শুধু জন্ম নিবন্ধন সনদ এবং মা-বাবার পাসপোর্টের ভিত্তিতে নতুন বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবেন। এতে আরো উল্লেখ করা হয় যে, ইতোপূর্ব বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর কর্তৃক ব্রিটিশ-বাংলাদেশি দ্বৈত নাগরিকদের সন্তানদের বাংলাদেশি পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদান বাধ্যতামূলক ছিল। কিন্তু এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রিতার কারণে বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ হাই কমিশন লন্ডন সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠায় এবং যোগাযোগ অব্যাহত রাখে। এর ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ১৮ ডিসেম্বর উল্লিখিত স্মারক ইস্যু করে। সংবাদ বিজ্ঞপ্তি

