সিলেটে ভয়ঙ্কর করোনা, একদিনে শনাক্ত ১৪২
প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ২১ জুন :: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৯৭ জন, সুনামগঞ্জ জেলায় ১২ জন, হবিগঞ্জ জেলায় ১৫ জন এবং মৌলভীবাজার জেলায় ১৮ জন রয়েছেন।
এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ জনে।
জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৯০টি নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্তরা সবাই সিলেট জেলার অধিবাসী। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৬৫ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
এদিকে রোববার (২১ জুন) সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে ৩৭ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে আক্রান্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার এবং ১২ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, রোববার শাবির আরটি-পিসিআর ল্যাবে ৩১৮টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে সিলেট জেলার ১০২টি এবং সুনামগঞ্জ জেলার ২১৬ টি নমুনা ছিলো। সংগ্রহকৃত ৩১৮টি নমুনার মাঝে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
দুই ল্যাবের নমুনা পরীক্ষায় সিলেট জেলায় মোট ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজারে আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকার একটি ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজারে আজ ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আমাদের কাছে এই রিপোর্ট পাঠানো হয়।’
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার দশজন, কুলাউড়া উপজেলার চারজন, বড়লেখা উপজেলার দুইজন, রাজনগর উপজেলার একজন ও কমলগঞ্জ উপজেলার একজন রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। এর মধ্যে ৯৪ জন সুস্থ হয়েছেন এবং চারজন মারা গেছেন।
অপর দিকে হবিগঞ্জে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (২১ জুন) ঢাকা থেকে তাদের রিপোর্ট আসে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল।
তিনি বলেন, ‘রোববার জেলায় আরও ১৫ করোনা শনাক্ত হয়েছে। তাদের রিপোর্ট আজ রাতে ঢাকা থেকে পাঠানো হয়েছে।’
নতুন আক্রান্তদের মধ্যে নবীগঞ্জের ৬, মাধবপুরের ৪, বাহুবলের ১, সদরের ৩ ও চুনারুঘাটের একজন।
এনিয়ে জেলায় মোট ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ইতিমধ্যে ১৬৬ জন সুস্থ হয়েছেন এবং পাঁচ জন মারা গেছেন।

