সিলেটে একদিনে ৮৩ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে একদিনে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৫০ জন এবং ঢাকার একটি ল্যাবে ৩৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
জানা যায়, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯৪টি জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদরে ৪৭ জন, দক্ষিণ সুরমায় একজন এবং জৈন্তাপুরের একজন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি মৌলভীবাজারের কুলাউড়ার একজনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।
অন্যদিকে এদিন রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ১৫৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট বিভাগের হলেও কোন জেলার বাসিন্দা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

