আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্কের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৮
মাওলানা শামসুল হক সভাপতি, হীরা ইসলাম সেক্রেটারি, আব্দুল মুনিম ক্যারল ট্রেজারার (ডান থেকে)
লন্ডন, ২৪ নভেম্বর ২০১৮ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটেসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন (২০১৮-২০২০) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পুননির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা শামসুল হক, সেক্রেটারি জেনারেল পদে পুননির্বাচিত হয়েছেন হীরা ইসলাম ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন আব্দুল মুনিম জাহিদী ক্যারল।
২৪ নভেম্বর শনিবার দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার হলে এই নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুসলিম কাউন্সিল অব বৃটেনের (এমসিবি) সেক্রেটারি জেনারেল হারুন খান। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম ও ফোর্ড স্কয়ার মসজিদের চেয়ারম্যান মাওলানা তহুর উদ্দিন।
অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মুকিত ও ডেপুটি সেক্রেটারি শাফি উদ্দিন আহমদ। নির্বাহী কমিটির সদস্যরা হলেন সর্বজনাব ডাঃ মুহাম্মদ আলী, মাইয়ূম মিয়া, মোঃ শামসুল হক, আলহাজ্ব আতিক মিয়া, মাসুক আহমদ, মাফিজুর রব, ব্যারিস্টার মোস্তাক আহমদ ও মুহাম্মদ ফায়েজ উদ্দিন।
এর আগে হাফিজ মাওলানা শামসুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হীরা ইসলামের পরিচালনায় সংগঠনের দ্বিবার্ষিক (২০১৬-২০১৮) সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর বার্ষিক রিপোর্ট পেশ করেন সেক্রেটারি হীরা ইসলাম। রিপোর্টের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আজিজ সর্দার, মুজিবুর রহমান ও আব্দুল মুনিম জাহেদী ক্যারল। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিল অব মস্কের সদস্য ক্বারী আখলাক আহমদ।
সভাপতির বক্তব্যে হাফিজ মাওলানা শামসুল হক আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তিনি তাঁকে পুননির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাউন্সিল অব মস্ক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম বলেন, বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতীত্ব সংগঠনের সকল সদস্যের। তাঁরা আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি। এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্কের পাশে থাকার অনুরোধ জানান।

