গোলাপগঞ্জে লন্ডন প্রবাসীর কন্যাকে অপহরণের চেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৮
সিলেট থেকে সংবাদদাতা : যুক্তরাজ্য কমিউনিটি এক্টিভিস্ট, গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য ও বাঘা ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন ইউকের এসিসটেন্ট সেক্রেটারি মিছবা মাছুমের ৮ বছরের কন্যা মাহিদা হক নুরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতিকারী অপহরণের চেষ্টা করে। গত ১০ অক্টোবর বুধবার সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, মাহিদা বাঘা দৌলতপুর এলাকায় শাম্মি চাইলড একাডেমিতে চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত।
মিছবা মাছুমের কন্যা মাহিদা হক নুরাকে অপহরণের চেষ্টা করায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন মিছবা মাছুমের ছোট ভাই মামুন আহমেদ (জিডি নম্বর ৬৮৬)। সাধারণ ডায়েরিতে মামুন আহমেদ উল্লেখ করেন, গত ১০ অক্টোবর স্কুল ছুটির পর মাহিদা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। বাড়ি থেকে আনুমানিক ১০০ গজ দুরে বুরহান উদ্দিন রোডে পৌঁছামাত্র একটি সাদা নোহা গাড়ি পাশে এসে মেয়েটিকে কাছে ডেকে গাড়িতে উঠিয়ে নিতে চাইলে মাহিদা হক নুরা পেছন দিকে দৌঁড়ে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়। পরে লোকজন জড়ো হতে থাকলে নোহা গাড়িটি দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়।
উল্লেখ্য, মিছবা মাছুমের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ী গ্রামে। তিনি ২০০৯ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। গত ১৫ জুলাই তিনি পরিবারকে দেখতে এবং বাঘা ইউনিয়নে অবস্থিত আব্দুল আহাদ হাইস্কুল ও কলেজের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান করার জন্য বাংলাদেশে গিয়েছিলেন। ৯ সেপ্টেম্বর তিনি লন্ডন ফিরে আসেন।
এদিকে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সদস্য মিছবা মাছুমের কন্যা মাহিদা হক নূরাকে অপহরণের চেষ্টাকারীদের চি?িত করে গ্রেফতার দাবি জানিয়েছে গোলাপগঞ্জ ট্রাস্ট ইউকে।

