রাজনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা?
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৮
মৌলভবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে মামুন আহমদ (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৫হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। গত ২২ মার্চ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনসুরনগর ইউনিয়নের ধাইসার গ্রামের মৃত রহমত উল্লার ছেলে হাফেজ মামুন আহমদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এক পর্যায়ে তিনি সুস্থ হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন। গত ২১ মার্চ বুধবার রাতে তিনি মসজিদ থেকে বাড়িতে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে স্থানীয় বিনয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এডভোকেট আবুল কালাম জিলার বাড়ির কবরস্থানের সীমানার দেয়ালের পাশে একটি সেগুন গাছের ডালের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
তবে একটি বিশ্বস্তসুত্র সাপ্তাহিক দেশকে জানিয়েছে, নিহত মামুন আহমদ প্রেমঘটিত কারণে হত্যার শিকার হয়েছেন। স্থানীয় একটি মেয়ের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিলো। এ কারণে তাঁকে হত্যা করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়।

