লন্ডনে লাইসেন্স ফিরে পেতে উবারের আইনি লড়াই শুরু
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৭
দেশ ডেস্ক: অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার ১৩ অক্টোবর শুক্রবার লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক কর্তৃক উবার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আদালতে আবেদন দায়ের করে। আপিল প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত লন্ডনে ৪০ হাজার উবার চালক তাদের সেবা দিয়ে যেতে পারবে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়।
গত মাসে ট্রান্সপোর্ট ফর লন্ডন উবারের লাইসেন্স নবায়নে অনুমতি না দিলে শুরু হয় এই দ্বন্দ্ব। ট্যাক্সিতে অপরাধমূলক কর্মকাণ্ডে উবারের গাফিলতি, উবারের আওতায় থাকা গাড়ি চালকদের ভুয়া মেডিকেল সার্টিফিকেট, গাড়ি চালকের যথাযথ তথ্যে ঘাটতি এবং উবার অ্যাপে রেগুলেটরি অ্যাকসেস ব্লক করার জন্য বিতর্কিত গ্রেবল সফটওয়্যার ব্যবহার এসব কারণে লন্ডনে উবারের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না বলেও সেসময় জানানো হয়েছে।
এদিকে উবারের নতুন নির্বাহী দারা খোশরোওশাহি লন্ডন অথোরিটির সাথে বৈঠক করেও এই সমস্যার সমাধান না করতে পেরে অবশেষে আপিলের সিদ্ধান্ত নেয়। উবারের একজন মুখপাত্র জানান, ‘লন্ডনের গ্রাহকরা যাতে আমাদের অ্যাপটি ব্যবহার করতে পারে এজন্য আমরা আজ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি আমরা আশাবাদী ট্রান্সপোর্ট ফর লন্ডনের সাথে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে পারব।’
উল্লেখ্য ট্যাক্সি সেবাদাতা উবার লন্ডনে ব্যাপকভাবে জনপ্রিয়। এবং দেশটি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপুর্ন একটি বাজার।
সূত্র: রয়টার্স

